কুষ্টিয়ায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
ব্যক্তিস্বার্থ নয়, বস্তুনিষ্ঠতায় প্রাধান্য দেবে আগামীর সময়

প্রকাশনা অনুষ্ঠানে দোয়া মাহফিল। ছবি: আগামীর সময়
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করলো দৈনিক ‘আগামীর সময়’। ‘যে পড়ে সে গড়ে’ এই স্লোগানকে ধারণ করে সোমবার (১৮ মে) সন্ধ্যায় কুমারখালী মিলনায়তনে হয় পত্রিকাটির প্রকাশনা উৎসব।
নতুন প্রজন্মের চিন্তা, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, বস্তুনিষ্ঠ তথ্য এবং নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এই নতুন পথচলার সূচনা হলো।
দৈনিক ‘আগামীর সময়’-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান।
অনুষ্ঠানের শুরুতেই পত্রিকাটির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক, কবি ও সাহিত্যিকরা। বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমারখালী মিলনাগারের সহ-সভাপতি রাসেল উদ্দিন বাবু, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, কুমারখালী প্রেসক্লাবের আরেকটি অংশের সভাপতি কে এম আর শাহীন এবং কবি ও নাট্যকার লিটন আব্বাস।
কাঙাল হরিনাথের এই জন্মভূমিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে জানান বক্তারা। ‘আগামীর সময়’ সেই ঐতিহ্যকে লালন করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সমাজ ও দেশের কল্যাণে সত্যের পক্ষে অবিচল থাকবে এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিক, ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসসহ কুমারখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনরা।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তা পরিচালনা করেন কুমারখালী উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা জহির বিন মাজিদ। মোনাজাত শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। পরে উপস্থিতদের দেওয়া হয় আগামীর সময়ের প্রথম সংখ্যা।





