আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে ফিরতে পারবে না, বললেন রাশেদ খান

জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাশেদ খান। ছবি: আগামীর সময়
আওয়ামী লীগ আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী সচিব রাশেদ খান। তার দাবি, জনগণ আওয়ামী লীগকে আর গ্রহণ করবে না।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরার পারনান্দুয়ারী-বরুনাতৈল এলাকার গোরস্তানে জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন রাশেদ খান।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়ে রাশেদ খান বললেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন কথা যারা বলছে, তারা বাস্তবতা বুঝছে না। মানুষ কি এত বোকা? শেখ হাসিনা যদি এতটা আত্মবিশ্বাসী হতেন, তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেতেন না।
ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি মত দেন, একজন ‘পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে’ আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যায় করেছে। শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরেরও দাবি জানান তিনি।
আন্তর্জাতিক চাপের বিষয়ে রাশেদ খান বললেন, যুক্তরাষ্ট্র বা ভারত বিএনপি সরকারের ওপর কোনো চাপ দেয়নি। বিএনপি কারও কাছে মাথা নত করবে না উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জনগণই বিএনপির শক্তি।
রাশেদ খান আরও বললেন, জাতিসংঘের প্রতিবেদনে ২০২৪ সালের জুলাইয়ে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ হত্যার কথা উঠে এসেছে। এরপর কোনো দেশ আওয়ামী লীগকে সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন তিনি। তার ভাষ্য, কোনো চাপ এলেও জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে সরকার।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশেদ খান বললেন, দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রয়োজনীয়। তবে সে জন্য দেশের স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না। ভারতের নতুন হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন উল্লেখ করে তিনি বললেন, একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ও তাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাকে গুরুত্ব দেবে।
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বললেন, তাকে নিয়ে কথা বলার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগও করেন রাশেদ খান। তার দাবি, তারা আরও কয়েক মাস সময় পেলে আওয়ামী লীগের লুটপাটকেও ছাড়িয়ে যেতেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাশেদ খান বললেন, দলটির রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবে সীমাবদ্ধ। ছাত্রদল মাঠে থাকলেই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, আওয়ামী লীগকে কেন্দ্র করে বিরোধী দলগুলো মূলত ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যা জনগণ মেনে নেবে না।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বললেন, আওয়ামী লীগের সেই সাহসও নেই যে শেখ হাসিনার কবর বাংলাদেশে হবে। তার ভাষায়, আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর রাশেদ খান মেহেদী হাসান রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।



