সুইমিং পুলে ডুবে শাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দীপাঞ্জন ঘোষ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দীপাঞ্জন ঘোষ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যান দীপাঞ্জন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নেওয়া হয়।
নূরজাহান হাসপাতালের চিকিৎসক ডা. নাসিম হোসেন জানান, সন্ধ্যার দিকে শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



