পুলিশের একার পক্ষে সব সম্ভব না: সুজন সম্পাদক

বক্তব্য দিচ্ছেন নাগরিক (সুজন) সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার
পুলিশের একার পক্ষে সবকিছু করে ফেলা সম্ভব না। এখানে রাষ্ট্রের নাগরিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বের আহ্বান জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘কিন্তু একই সঙ্গে পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা, মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সৃষ্টি করতে হবে। তারপরও বলব, পুলিশের একার পক্ষে সব সম্ভব না। বিখ্যাত একজন বলেছিলেন, একটি রাষ্ট্রে নাগরিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মালিকের অবস্থান থেকে তারা যদি পদক্ষেপ নেয় তাহলেই পরিবর্তন আসবে। পুলিশ শত চেষ্টা করলেও পারবে না, যদি না নাগরিক তার ভূমিকা পালন করে। সমাজের সচেতন মানুষদের সামাজিক সমস্যাগুলো দূর করতে শুধু আলোচনা নয়, সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বদিউল আলম বলেন, শুধু কথা বললেই হবে না, সংগঠিত হতে হবে। আমরা কারও মানবাধিকার লঙ্ঘন করব না; কিন্তু আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এ সব সমস্যার সমাধান হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘রাজনৈতিক বসদের’ খুশি করার প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি।
সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘ত্বকী হত্যার যদি বিচার চান, অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে সক্রিয় হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারকে আমরা প্রতিহত করতে পারব। আইশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধু রাজনৈতিক বস যারা তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধান করতে পারব। তা না হলে এ সমস্যা বেসামাল হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সুজন সম্পাদক বলেন, প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক— তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যা ছিল, তা এখনো চলছে। হয়তো মাত্রায় ভিন্নতা থাকতে পারে; কিন্তু পরিস্থিতি বদলায় নাই।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক সুনাম আছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের কিছুটা দুর্নামও আছে। সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিতি, অন্যান্য অপকর্মের কেন্দ্রবিন্দু হিসেবে দুর্নাম। সেই জোট সরকারের আমলে র্যাব সৃষ্টি হয়েছিল, র্যাবের বিচারবহির্ভূত হত্যার একজন ভিক্টিম ছিল এখানের ডেভিড। এ ছাড়া সাত খুন, ত্বকী হত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে, যা নারায়ণগঞ্জের জন্য দুর্নাম ডেকে আনে। সম্প্রতি কুমিল্লা থেকে ফেরার পথে কাঁচপুর সেতুর কাছাকাছি এলাকায় মহাসড়কে ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করেন বলেও উল্লেখ করেন তিনি।
সুজন’র দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়। বিকাল ৫টার কিছুক্ষণ আগে এ সভা শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমির আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু, এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সমমনার জেলা সভাপতি গোবিন্দ সাহা প্রমুখ।



