কক্সবাজারে বাসচাপায় ৩ জন নিহত, মা-শিশুসহ আহত ২

ছবি: আগামীর সময়
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে এক নারী ও তার শিশু সন্তান রয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এর তিন যাত্রীর মৃত্যু হয়। পরে পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত তিনজনের মধ্যে দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আবু বক্কর জানিয়েছেন, মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের পর মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় ঈদগাঁও থানার সামনে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদারের ভাষ্য, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সংঘর্ষের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।




