উজিরপুর
মাসোহারা দিয়ে চলছিল দুই ইটভাটা, গুঁড়িয়ে দিল প্রশাসন

সংগৃহীত ছবি
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন।
এ সময় বরিশাল জেলা পুলিশের বিশেষ দল ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়েছে। কয়লার পরিবর্তে লাকড়ি পোড়ানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা দুটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।



