গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও বন্ধ কারখানা চালুর দাবিতে সিপিবির বিক্ষোভ

রাজবাড়ীতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, বন্ধ মিল-কারখানা চালুর দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, বন্ধ মিল-কারখানা চালু এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।
সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায়, জেলা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সদস্য ও বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী।
বক্তারা বললেন, ২০২৪ সালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানে দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজ কেউ কেউ এই গণঅভ্যুত্থানকে নিজেদের বলে দাবি করছেন।
তারা বলেন, দেশ আজ বিদ্যুৎ সংকটে নাজেহাল। গ্যাস সংকটের কারণে নিয়মিত কারখানা বন্ধ হচ্ছে। লাখ লাখ শ্রমিক কাজ হারিয়ে বেকার হচ্ছেন। কৃষকেরা সার পাচ্ছেন না। দেশে কৃষকের সার লুটের ঘটনাও ঘটছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার আজ ব্যর্থ। তারা অনতিবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও সার সংকটের সমাধান এবং বন্ধ মিল-কারখানা চালুর দাবি জানান।



