গাংনীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

গাংনীতে পুকুরে ভাসছে মৃত মাছ— সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাতে জুগিন্দা গ্রামে ঘটেছে এ ঘটনা।
ভুক্তভোগী মাছ চাষি কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান মৃত মাছ ভাসছে।
কামরুজ্জামান বললেন, ‘তার পুকুরে ৯ থেকে ১০ কেজি ওজনের পাঙাশসহ রুই, কাতলা, তেলাপিয়া ও অন্যান্য প্রজাতির মাছ ছিল। মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে উঠেছিল।’ বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় মাছ চাষি মহিবুল ইসলাম বলেছেন, ‘শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে শুধু কামরুজ্জামানের ক্ষতি করেনি, জেলার মাছ চাষিদেরও ক্ষতি করেছে। এভাবে মাছের সঙ্গে শত্রুতা করলে জেলার মাছ চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মুর্শেদ বলেছেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে।’




