‘গাছ বাঁচলে আমরা বাঁচব’

পেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহুমাত্রিক ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ও গাছের চারা বিতরণ
পাবনার বেড়ার চর পেঁচাকোলা গ্রামে দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রায় দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী চর পেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বহুমাত্রিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকের রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও চরাঞ্চলে সবুজ বলয় তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে মেহগনি, অর্জুন, কাঁঠাল, পেয়ারা ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সানজিদা রহমান বলেছেন, ‘গাছ বাঁচলে আমরা বাঁচবো। গাছের চারা শুধু রোপণ করা নয়, নিতে হবে সঠিক যত্ন ও পরিচর্যা। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।’
রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা তুলে ধরে বহুমাত্রিক ফাউন্ডেশনের স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. নাজমুল হোসাইন বললেন, ‘জরুরি সময়ে এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। কিন্তু গ্রুপ জানা না থাকলে সেই রক্ত জোগাড় করতে করতেই মূল্যবান সময় পার হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় রক্তের গ্রুপ আগে থেকে জানা থাকলে দ্রুত রক্তদাতা খুঁজে রোগীকে বাঁচানো সম্ভব।’
বহুমাত্রিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ শাব্বাব আল দ্বীন কাব্য বলেছেন, ‘দেশের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস। ভবিষ্যতে পাবনার অন্যান্য চরাঞ্চলেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’





