মাদক কারবারে ‘বাধা’, ছুরি মেরে যুবককে হত্যা

সংগৃহীত ছবি
নারায়ণঞ্জের বন্দরে মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবককে ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন শুভকরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ডালিম (৩৬)। তিনি উপজেলার আলীশাহরদি এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডালিমের মৃত্যু হয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মো. জামালউদ্দিন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ‘ব্ল্যাক জনির’ অনুসারী ছাত্রলীগ নেতা রিয়ান ও তার সহযোগী হাবিবকে (২০) মাদক বিক্রিতে বাধা দিচ্ছিলেন ডালিম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।
বুধবার রাতে ফের মাদক বিক্রিতে বাধা দিলে ধারালো ছুরি দিয়ে ডালিমকে আঘাত করেন হাবিব। হট্টগোল শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জামালউদ্দিনের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনার পর কলাগাছিয়া ও এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাবিব, রিয়ান ও ‘ব্ল্যাক জনিকে’ দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।







