মোটরসাইকেল-মাহিন্দ্রার সংঘর্ষে স্কুলছাত্র নিহত

সংগৃহীত ছবি
বাগেরহাটে মোটরসাইকেল ও মাহিন্দ্রার সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রণবিজয়পুর এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার ওসি সামসুল আরেফিন। তিনি বাগেরহাটের সুন্দরঘোনা এলাকার সুলতান শেখের ছেলে।
তিনি জানান, মোটরসাইকেলে করে বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন রাজ। রণবিজয়পুর এলাকায় পৌঁছালে উল্টাদিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজ। সংঘর্ষের পর যানবাহনটি নিয়ে পালিয়ে যায় মাহিন্দ্রার চালক।
ওসি সামসুলের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।





