চাচাকে কুপিয়ে জখম, ৯ দিন পর হাসপাতালে মৃত্যু

ছবি: আগামীর সময়
বরিশালের বাকেরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজা ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত মো. আনোয়ার হাওলাদার (৫২) মারা গেছেন। হামলার নয় দিন পর গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাওলাদার বাড়ির আকব্বর হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানালেন, গত ২৯ অক্টোবর এশার নামাজের পর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় আনোয়ার হাওলাদারের ওপর হামলা চালান তার বড় ভাই দেলোয়ার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। হামলায় সোহেল হাওলাদার ছাড়াও সমির হাং, নাছিম হাং, নয়ন খা ও সাকিব জোমাদ্দারসহ কয়েকজন অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
নিহতের ছোট ছেলে আবু ইউসুফ জানালেন, ঘটনার সময় তিনি বাড়ির সামনের দিকে বসে ছিলেন। তার বড় ভাই বিদেশ থেকে ফোন করায় তিনি ঘরে চলে যান। কিছুক্ষণ পর চিৎকার শুনে বাইরে এসে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, মৃত্যুর আগে আনোয়ার হাওলাদার হামলায় জড়িত ব্যক্তিদের নাম বলে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বললেন, এ ঘটনার বিষয়ে তিনি অবগত রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



