মরা মাছে ভেসে গেল শহিদুলের ১৫ বছরের স্বপ্ন

ছবি: আগামীর সময়
সকালে পুকুরপাড়ে গিয়ে শহিদুল ইসলাম দেখলেন, পানির ওপর ভেসে আছে অসংখ্য মরা মাছ। ১৫ বছর ধরে যে পুকুরে মাছ চাষ করে জীবিকা ও ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলেছেন, এক রাতেই সেই পুকুরের মাছ মরে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায়। শহিদুলের দেড় একর আয়তনের পুকুরের মাছ মরে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন তিনি। শহিদুল ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে।
শহিদুলের সন্দেহ, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করেছে। পরদিন সকালে মাছ মরে ভেসে থাকতে দেখে জাল দিয়ে সেগুলো তুলে ফেলেন তিনি। দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগে গড়ে তোলা মাছ চাষের উদ্যোগ এভাবে নষ্ট হয়ে যাওয়ায় এখন দিশাহারা শহিদুল।
তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি তিনি। কারা ঘটনাটি ঘটিয়েছে, তা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলে জানান শহিদুল।
স্থানীয় এন্দাজ আলী বললেন, দীর্ঘদিন ধরে শহিদুল পুকুরটিতে মাছ চাষ করছেন। হঠাৎ মাছ মরে যাওয়ায় তিনি বড় ধরনের লোকসানে পড়েছেন। কী কারণে মাছগুলো মারা গেছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
আরেক বাসিন্দা মোশাররফ হোসেন বললেন, ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। ১৫ বছর ধরে মাছ চাষের পর এমন ক্ষতি শহিদুলের জন্য বড় ধাক্কা। মাছের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুকের ভাষ্য, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা উদ্যোগে এমন ক্ষতি একজন সাধারণ মাছচাষির পক্ষে সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বললেন, পানিতে অক্সিজেনের ঘাটতি, দূষণ কিংবা বিষাক্ত পদার্থের প্রভাবে মাছ মারা যেতে পারে। তবে পরীক্ষা ছাড়া মাছের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য পুকুরের পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া যেতে পারে।



