রাজনগরে বিরোধ মিটিয়ে ৭০০ ফুট রাস্তা ইট সলিং করছেন প্যানেল চেয়ারম্যান

স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিংয়ের কাজ শুরু করেছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রাস্তা বিরোধ মীমাংসার পর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিংয়ের কাজ শুরু করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
গতকাল শনিবার বিকাল ৩টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমনগর গ্রামে এ কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তাটি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে পাশের পারিবারিক কবরস্থানে লাশ নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হতো।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেছেন, রাস্তাটির মোট দৈর্ঘ্য ৮০০ ফুট। এর মধ্যে ৩২০ ফুট ব্যক্তিমালিকানাধীন এবং ৪৮০ ফুট সরকারি। রাস্তা নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন এটি বন্ধ ছিল। পরে উপজেলা বিএনপির সভাপতি, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, মৎস্য দলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি সদস্য ফজলুর রহমান ও শাওন আহমদ, বিএনপি নেতা আবু মিয়া এবং স্থানীয় মুরব্বিদের সহযোগিতায় বিরোধের মীমাংসা হয়। এরপর রাস্তাটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম আরও বলেছেন, সরকারি বরাদ্দে হয়তো ২০০ থেকে ৩০০ ফুট রাস্তা ইট সলিং করা সম্ভব হতো। কিন্তু এলাকাবাসীর সুবিধার জন্য আরও দীর্ঘ অংশে ইট সলিং প্রয়োজন। এ কারণে তিনি ব্যক্তিগত অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিংয়ের উদ্যোগ নিয়েছেন। প্রায় ৩০০ পরিবারের মানুষ রাস্তাটি ব্যবহার করেন। এ কাজে জমি দানকারী ও স্বেচ্ছায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউপি সদস্য শাওন আহমদ জানান, রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার পর শুরুতে কিছু জটিলতা দেখা দেয়। পরে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফজলুর রহমান এবং স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় বিরোধের সমাধান হয়। এরপর ব্যক্তিগত অর্থায়নে রাস্তা ইট সলিংয়ের কাজ শুরু হয়েছে।
স্থানীয় প্রবাসী আলিফুর রহমান জানিয়েছেন, রাস্তার একাংশের রেকর্ডীয় মালিকানা দাবি করে একটি পক্ষ চলাচলের পথে বেড়া দিয়েছিল। এর প্রতিবাদ করতে গিয়ে তিনি মামলার শিকার হন এবং ১ মাস ১৮ দিন কারাগারে ছিলেন। পরে উপজেলা বিএনপির নেতাদের উদ্যোগে ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহযোগিতায় দুপক্ষের বিরোধ মীমাংসা হয়। রাস্তা ইট সলিংয়ের উদ্যোগে এলাকাবাসী খুশি হয়েছেন।
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ থাকায় এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, তিনি নিজে, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আপ্তাব রুহুল, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, প্রেমনগর গ্রামের জুলু মিয়া গংয়ের বাড়ির সামনে থেকে বেতু মিয়ার বাড়ির পেছন পর্যন্ত সাত ফুট প্রস্থ ও ৭০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি ইট সলিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে।




