২০ বছর পলাতক, বাড়ি থেকে আধা কিমি দূরে মিলল গুলিবিদ্ধ লাশ

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের অভয়নগরে নিষিদ্ধ ‘চরমপন্থী সংগঠনের’ এক সক্রিয় সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার রানাগাতী গ্রামের একটি সুপারি বাগান থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম বাহারুল মল্লিক (৪৬)। তিনি রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানালেন, সোমবার সকাল ৯টার দিকে রানাগাতী গ্রামের আব্দুর রশিদের সুপারি বাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে অভয়নগর থানা ও বাসুয়াড়ী ক্যাম্পের পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, বাহারুলের থুতনিতে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার হাঁটু থেকেও রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের ছোট ভাই মামুন মল্লিক বললেন, ‘আমার ভাই চরমপন্থী দলের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর পলাতক ছিল। এ কারণে পরিবারের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না। সকালে জানতে পারি, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সুপারি বাগানে তার মরদেহ পড়ে আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না।’
অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, বাহারুল নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার থুতনিতে গুলির চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, বাহারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





