খুলনা
মৎস্য ঘেরের বেড়িবাঁধে যুবকের গুলিবিদ্ধ লাশ

গ্রাফিকস: আগামীর সময়
খুলনা মহানগরীর আড়ংঘাটার একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইমন আড়ংঘাটা থানার পাহাড়পুর গ্রামের বাসিন্দা সোবহান শেখের ছেলে।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মাছের খাবার দিতে মৎস্য ঘেরে যান। সেখানে ঘেরের বেড়িবাঁধের ওপর যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইমন শেখকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি জানান, পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, জানালের ওসি।




