মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় দুই যুবক নিহত

ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় বানৌজা–পেকুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত মোহাম্মদ শাহেদ (২৪) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন এসব নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানিয়েছেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহবুব। পেছনে বসা ছিলেন রাসেল ও শাহেদ। একটি গ্রামীণ সড়ক থেকে পেকুয়া সড়কে উঠতে গেলে পেকুয়াগামী একটি মাইক্রোবাস বাইকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মাহবুব। গুরুতর আহত রাসেল ও শাহেদকে স্থানীয়রা পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে রাসেলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের একপাশে দীর্ঘদিন ধরে লাকড়ির বড় স্তূপ জমেছে। এ কারণে মোহাজেরপাড়া থেকে মূল সড়কে ওঠার সময় দুই দিক থেকে আসা যানবাহনের চালক সামনে স্পষ্ট দেখতে পান না। দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হওয়ার কারণেই এ দুর্ঘটনা।
ওসি মনির হোসেন জানিয়েছেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।




