- এক দিন আগে(০৯:৫৮)

তিন জয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার
বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ধাপ দারুণভাবে শেষ করল আর্জেন্টিনা। জে গ্রুপের তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। রবিবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে দুর্বল জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
প্রথমার্ধে লো সেলসো ও লাউতারো মার্তিনেসে গোলে বড় লিড নিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলী মুসা আল তামারি ব্যবধান কমান। তবে ৬০ মিনিটে বদলী হয়ে মাঠে আসা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অসাধারণ ফ্রি-কিকে দলের জয় নিশ্চিত করেন ৮০ মিনিটে।
চলতি বিশ্বকাপে ষষ্ঠ গোলের দেখা পেলেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন নিজের করে নিয়েছিলেন। আজ পেলেন ১৯তম গোল।
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-র ম্যাচে তাদের প্রতিপক্ষ এইচ গ্রুপ রানার্স-আপ নবাগত কেপ ভার্দে। ৩ জুলাই দিবাগত রাতে মায়ামি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।
কানসাস সিটিতে জে গ্রুপের অপর ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া ৩-৩ গোলে ড্র করেছে। দু'দলই গ্রুপ পর্ব শেষ করেছে চার পয়েন্টে। অস্ট্রিয়া হয়েছে গ্রুপ রানার্স-আপ। আলজেরিয়াও সেরা তৃতীয় দলের একটি হয়ে কেটেছে পরের ধাপের টিকিট।
- এক দিন আগে(০৯:২৮)

মেসির ১৯
আরেকবার বাঁ পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মোহিত করলেন বদলী নামা লিওনেল মেসি। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে তার বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক বুঝতেই পারেননি জর্ডান কিপার। বিশ্বকাপে ১৯ গোল হল মেসির। চলতি বিশ্বকাপে ষষ্ঠ গোলে নিজেকে আরও এগিয়ে নিলেন। আর্জেন্টিনা এগিয়ে গেল ৩-১ গোলে।
- এক দিন আগে(০৯:১৯)

মাঠে এলেন মেসি
৬০ মিনিটে বদলী হিসেবে মাঠে এলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা কোচ তিনটা পরিবর্তন করেন এক সঙ্গে। মেসি, আলমাদা ও ম্যাক অ্যালিস্টার আসেন মাঠে লো সেলসো, লাউতারো ও নিকো পেসের জায়গায়।
- এক দিন আগে(০৯:১৫)

বদলী আল তামারি ব্যবধান কমান
দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে এসেছিলেন। ৫৫ মিনিটে দারুণ গোলে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করেন জর্ডান ফরোয়ার্ড মুসা আল তামারি। ডান দিক থেকে সতীর্থ এহসান হাদ্দাদের আড়াআড়ি পাস পোস্টে জড়িয়ে ২-১ করেন আল তামারি। ম্যাচে প্রথম অন টার্গেট প্রচেষ্টাই গোলে পরিণত করে জর্ডান।
- এক দিন আগে(০৮:৪৪)
দুই গোলের লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা
দ্বিতীয়সারির দল নিয়েও প্রথমার্ধের পুরোটা জুড়ে প্রাধান্য বিস্তার করলো আর্জেন্টিনা। ফ্রি-কিক থেকে লো সেলসো ও পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন লাউতারো।
কানসাস সিটিতে জে গ্রুপের অপর ম্যাচের মুখোমুখি অস্ট্রিয়া ও আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।
- এক দিন আগে(০৮:২০)

পেনাল্টি থেকে আর্জেন্টিনার ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস
৩১ মিনিটে আর্জেন্টিনার লিড দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। পেনাল্টি থেকে জর্ডান কিপারকে সহজেই ধরাশায়ী করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর আগে হুলিয়ান আলভারেসের মুখে লাথি বসিয়ে পেনাল্টি উপহার দেন জর্ডান ডিফেন্ডার নিজার আলরাশদান। প্রথমে অবশ্য বাজেনি পেনাল্টির বাঁশি। পরে ভিএআর-চেক আর্জেন্টিনাকে দেয় আরও এগিয়ে যাওয়ার সুযোগ।
- এক দিন আগে(০৮:০৯)

লো সেলসো এগিয়ে নিলেন আর্জেন্টিনাকে
১৯ মিনিটে বাঁ পায়ের নিঁখুত ফ্রি-কিকে আর্জেন্টিনাকে লিড এনে দেন লো সেলসো। বক্সের ঠিক বাইরে থেকে দারুণ বাঁকানো শট নেন এ প্লে-মেকার। তার আগে তাকেই বক্সের বাইরে ফেলে দিয়েছিলেন জর্ডান ডিফেন্ডার আবু তাহা।
- এক দিন আগে(০৮:০৬)

লো সেলসোর গোল অফসাইডে বাতিল
সপ্তম মিনিটে জর্ডানের জালের দেখা পেয়েছিলেন জিওভানি লো সেলসো। তবে তা বাতিল হয় অফসাইডে।
২৮ জুন ২০২৬, দুপুর ১০:১০
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৯ পরিবর্তন
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ৯ পরিবর্তন এনে জর্ডানের বিপক্ষে সাজিয়েছেন শুরুর একাদশ। আগের কথা মতোই এই একাদশে রাখেননি অধিনায়ক লিওনেল মেসিকে। অস্ট্রিয়ার বিপক্ষে খেলা একাদশ থেকে কেবল সুযোগ পেয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ও ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম খেলতে নামছে এশিয়া অঞ্চল থেকে প্রথম বিশ্বকাপে নাম লেখানো জর্ডান।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেস, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, লিয়ান্দ্রো দাপারেদেস, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, জিওলিয়ানো সিমিওনে, নিকোলাস পাস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।
জর্ডান একাদশ: ইয়াজিদ আবু লায়লা, এহসান হাদ্দাদ, হুসাম আবু দাহাব, ইয়াজান আল-আরব, আবদুল্লাহ নাসিব, মোহান্নাদ আবু তাহা, আলী আজাইজেহ, নিজার আল-রাশদান, নূর আল-রাওয়াবদেহ, ওদেহ আল-ফাখুরি, আলী ওলওয়ান।




