গলাচিপা-কলাগাছিয়া সড়কের ২২ কিলোমিটার পথে সীমাহীন দুর্ভোগ

প্রতীকী ছবি
পটুয়াখালীর গলাচিপা সদর থেকে কলাগাছিয়া গ্রোথ সেন্টার পর্যন্ত ২১ দশমিক ৮ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশ বেহাল। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি, কাদা ও বালুতে ব্যাহত হয় যান চলাচল। প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়কটির ছয় কিলোমিটার অংশের সংস্কারকাজ গত বছর শুরু হলেও এখন পর্যন্ত দুই পাশে ইটের গাঁথুনি দেওয়া ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন কাজ থেমে থাকায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতেই চলাচল কঠিন হয়ে পড়ে।
গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনা উপজেলার মানুষের জেলা শহর পটুয়াখালীতে যাতায়াতের অন্যতম পথ এটি। ডাকুয়া, চিকনিকান্দি, কলাগাছিয়া, বকুলবাড়িয়া ও গজালিয়া ইউনিয়নের বাসিন্দারা এ সড়ক ব্যবহার করেন। এসব এলাকায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলেও দুর্ভোগে পড়তে হচ্ছে।
খারিজ্জমা ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক হুমায়ুন কবির বলেছেন, গলাচিপা থেকে প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার যাতায়াত করতে হয় তাকে। সড়কের খারাপ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ঠিকাদারের প্রতিনিধি আবু বকরের ভাষ্য, কার্পেটিংয়ের জন্য প্রয়োজনীয় পাথর পাওয়া যাচ্ছে না। সরবরাহ নিশ্চিত হলে কাজ শুরু হবে।
গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেছেন, ৬ কিলোমিটার সড়কের কাজ চলমান। আরও ৭ কিলোমিটার সংস্কারের জন্য শিগগির দরপত্র আহ্বান করা হবে। বাকি অংশের কাজও প্রক্রিয়াধীন।
পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী অলিয়ার রহমান জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পের আওতায় সড়কটির কাজ চলছে। ২০২৭ সালের মে মাসের মধ্যে পুরো কাজ শেষ করার আশা করছেন তারা।



