রাজশাহী
লিচুবাগানের পাশে পড়ে থাকা সিমেন্টের বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

আদুবুড়ি উপরিমাঠ এলাকা থেকে উদ্ধার করা ১০৩টি ককটেল। ছবি: আগামীর সময়
রাজশাহী মহানগরীর একটি লিচুবাগানের পাশে পড়ে থাকা সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আজ বুধবার সকালে এসআরবি-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহজনক একটি সিমেন্টের বস্তা পড়ে থাকার খবর পান এসআরবি-৫-এর সিপিএসসির সদস্যরা। পরে সেখানে অভিযান চালিয়ে বস্তাটির ভেতর হাতে তৈরি ১০৩টি ককটেল পাওয়া যায়।
এসআরবি-৫-এর অধিনায়ক মো. ফাইসাল ইসতিয়াক জানিয়েছেন, উদ্ধার হওয়া ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল কসটেপে এবং বাকি ৩৯টি কালো কসটেপে মোড়ানো ছিল। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে ককটেলগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ককটেলগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বস্তাভর্তি ককটেলগুলো কারা, কী উদ্দেশে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এসআরবি-৫-এর অধিনায়ক।




