রাশেদ খাঁন
দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করবে ভারতে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদী হত্যায় জড়িতদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে তাদের অবস্থানের ওপর।
আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফরের বিষয়টি শুধু আমন্ত্রণের ওপর নির্ভর করছে না। শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, সেটিও গুরুত্বপূর্ণ। ভারত সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, তার ওপর প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করবে।
তিনি আরও বলেন, ‘বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই হবে।’
জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী
১৮ সেপ্টেম্বর ২০২৬
এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশে রাশেদ খান বলেন, আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরকে শহীদ আবু সাঈদের বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত।
তিনি আরও দাবি করেন, দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এর দায় জামায়াত ও এনসিপিকে নিতে হবে। একই সঙ্গে বিএনপির জনপ্রিয়তা ঠেকাতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র করে ড. মুহাম্মদ ইউনূসকে ব্যবহার করে উত্তরাঞ্চলে জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে শুক্রবার দুপুরে পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রাশেদ খান। এ সময় তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত সফর, হত্যাকাণ্ডের বিচার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।




