ধানক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ
কক্সবাজার প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের মহেশখালীতে একটি ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার বড়বিলের একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম জালাল আহমদ (৩৫)। তিনি ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার বাসিন্দা আবু ছৈয়দের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান।
তিনি জানান, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি কীভাবে এবং কী কারণে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।







