আমতলী
এলজিইডি ভবনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

সংগৃহীত ছবি
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। তবে আগুনের শিখা ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষে থাকা চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে একটি চেয়ারে থাকা তোয়ালের কিছু অংশ পুড়ে যায়। তবে টেবিলের ওপর মোটা কাচ থাকায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি। ফলে কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম অক্ষত রয়েছে।
ঘটনার সময় কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্য কর্মকর্তাদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




