রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শেখ শামীম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফারজানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি এলাকায়।
হাসপাতালের নথিতে ফারজানার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত রবিবার সকালে ফারজানাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বর্তমানে হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
মুখপাত্র শামীম জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।




