১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে আগামী ১৪ জুন সমুদ্র নগরী কক্সবাজার আসছেন। এ সময় তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলা সফর করবেন। সফরকালে প্রথমে ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী থাকবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া সরকারের মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা সফর সঙ্গী থাকবেন।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নির্ধারিত স্থান পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাসটার্মিনাল, কোনাখালীর বটতলী, পেকুয়া সদর পরিদর্শন করেছেন।
এ সময় সঙ্গে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক প্রমুখ।
কক্সবাজার জেলা বিএনপি সূত্র জানিয়েছে, সম্ভাব্য সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্ক এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা দেবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। এ ছাড়া একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।
এই কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলা থেকে আলাদা করে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।
বিকাল চারটায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সড়কযোগে কক্সবাজার ফিরে রাতযাপন করবেন। ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর কক্সবাজার থেকে রওনা দেবেন ঢাকায়।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেছেন, ‘১৪ জুন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী আসবেন। তিনি আসবেন, তাই নেতাকর্মীরা উচ্ছ্বসিত।’




