বিয়ে-তালাক নিবন্ধন ফি বাড়ানোসহ ১০ দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখার অবস্থান কর্মসূচি
বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বর্তমান অধিক্ষেত্র বহাল রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা।
আজ রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিকাহ্ রেজিস্ট্রারদের সীমিত আয় দিয়ে জীবনযাপন ও অফিসের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বিধিমালা অনুযায়ী নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অবসরকাল পর্যন্ত বহাল রাখা এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে ও তালাকের হলফনামা সম্পাদন বন্ধের দাবি জানানো হয়।
১০ দফা দাবির মধ্যে রয়েছে, মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র অবসরকাল পর্যন্ত বহাল রাখা। অবসরকালীন নির্দিষ্ট কোনো ভাতা না থাকায় তাদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার স্থলে পুত্রকে নিয়োগের ব্যবস্থা করা।
এ ছাড়া বরের বিয়ের বয়স ১৮ বছর এবং কনের বয়স ১৬ বছর নির্ধারণের দাবি জানানো হয়েছে। বিয়ে নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তালাক নিবন্ধন ফি এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং বিয়ের নকল ফি ৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার দাবিও রয়েছে।
বাল্যবিয়ে বন্ধে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পাদন বন্ধ এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে লিপিবদ্ধ নাম ও ঠিকানা অনুযায়ী অনলাইনে বিয়ে ও তালাকনামা সংশোধনের বিধান চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ এইচ এম জিনাত আলী, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, কাজী জাকারিয়া আকন্দ, কাজী মুহাম্মদ আব্দুল গফুর, কাজী সাদিকুল ইসলাম, কাজী দ্বীন মুহাম্মদ ও কাজী আব্দুল কাদির, কাজী কবির হোসেন প্রমুখ।



