নাশকতার অভিযোগে আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
শেরপুরে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রোমান খানকে ফরিদপুরের সালথা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সাপমারি ইমামবাড়ি এলাকার দুলাল আহমেদের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান এবং যোগিনীবাগ গ্রামের আতাব উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ উজ্জল মিয়া।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মী উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর শহিদুল ইসলাম, উজ্জল মিয়া ও রোমান খানকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



