বিশ্বনাথে ৮ ইউনিয়নে বিএনপির ৫৫ প্রার্থী!

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে আগাম নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার নির্বাচনের আজ সোমবার তফসিল ঘোষণা হওয়ায় সরগরম হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।
এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও উপজেলার আটটি ইউনিয়নে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। হাটে-বাজারে ও চায়ের দোকানে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোড় আলোচনা।
উপজেলা বিএনপির কমিটির কাছে দলীয় সমর্থনের আশায় আটটি ইউনিয়ন থেকে ইতোমধ্যে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
উপজেলা বিএনপি সূত্র জানায়, উপজেলার লামাকাজি ইউনিয়নে ৩ জন, খাজাঞ্চি ইউনিয়নে ৬ জন, অলংকারি ইউনিয়নে ৭ জন, রামপাশা ইউনিয়নে ৯ জন, দৌলতপুর ইউনিয়নে ৮ জন, বিশ্বনাথ ইউনিয়নে ৪ জন, দেওকলস ইউনিয়নে ৭ জন, দশঘর ইউনিয়নে ১১ জন প্রার্থী আবেদন করেছেন। এরই মধ্যে বর্তমান চেয়ারম্যান দুইজন রয়েছেন।
তারা হলেন- দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন চেয়ারম্যান ইমাম উদ্দিন খান। মনোনয়ন প্রত্যাশীরা মাঠের জনপ্রিয়তা ও দলের ত্যাগের মূল্যায়নের দাবি জানিয়েছেন। প্রার্থীরা চাইছেন দলীয় সমর্থন পেয়ে বিজয়ের হ্যাটট্রিক করতে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাক লিলু মিয়া চেয়ারম্যান জানালেন, ইতিমধ্যে আট ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময়সভা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভাগুলোতে নিজ নিজ ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে। এতে উপজেলার আটটি ইউনিয়নে ৫৫ জন প্রার্থী রয়েছে। এরমধ্যে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী জানালেন, দলীয় প্রতীক না থাকলেও যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। প্রার্থীদের জনপ্রিয়তা, দলে সক্রিয় ভূমিকা, গ্রহণযোগ্যতা ও অতীত ত্যাগ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।




