রাজবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইকারের
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

গ্রাফিকস: আগামীর সময়
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্য হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. নুর আলম (২৮)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি লোকাল বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পর উল্টা দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্য হয়।
ওসি রোকনুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




