রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

লুৎফর রহমান। সংগৃহীত ছবি
রৌমারী-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে পাবনা জেলা সদর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম লুৎফর রহমান (৫০)। তিনি পাবনা জেলা সদরের বাসিন্দা।
আটক হওয়ার বিষয়টি জানিয়েছেন রৌমারী থানার ওসি কাওসার আলী।
গত ১৭ অক্টোবর দুপুর ৩টার দিকে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রীর মৃত্যু হয়। আহত হন একজন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুরচর ইউনিয়নের শিবিরডাঙ্গি দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাক ও ইজিবাইকচালকরা পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতের পরিবার ট্রাক ও ইজিবাইকচালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে এসআরবি।
ওসি কাওসার জানিয়েছেন, লুৎফরকে আনতে পাবনায় পুলিশ পাঠানো হয়েছে।




