কমলগঞ্জে শুরু হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুর ইউনিয়নের তেতইগাঁওয়ে ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা। একই সময়ে আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে শুরু হয়েছে ৪১তম রাস উৎসব।
উৎসব ঘিরে সকাল থেকেই কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সেজে নারী, পুরুষ ও শিশুরা এতে অংশ নিচ্ছেন। উৎসবস্থল ঘিরে বসেছে গ্রামীণ ও ঐতিহ্যবাহী নানা পণ্যের মেলা।
আয়োজকেরা জানান, গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মাধ্যমে শ্রীকৃষ্ণের বাল্যকালের গোপজীবনের নানা কাহিনি তুলে ধরা হয়। গোধূলি পর্যন্ত এ নৃত্য পরিবেশনের পর রাতভর ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও মূল রাসনৃত্যের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা চলবে।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ জানিয়েছেন, মহারাসলীলা মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ উৎসব ঘিরে প্রতিটি পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই নতুন পোশাক তৈরি ও নৃত্যের মহড়া চলে। সারা দেশ থেকে আসা হাজারো দর্শনার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মহারাসলীলা শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পচর্চার এক মিলনমেলা। উৎসব উপভোগ করতে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও পর্যটকেরা কমলগঞ্জে এসেছেন।
উৎসবস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে উৎসব উপভোগ করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।




