মণিপুরি থিয়েটারের বর্ষপূর্তিতে ‘কহে বীরাঙ্গনা’

‘কহে বীরাঙ্গনা’ নাটকের একটি দৃশ্য - মণিপুরি থিয়েটার
মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর ‘মেঘ-বৃষ্টি-রোদ’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করে মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে আগামী শনিবার ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে নাট্য দলটি।
এ উপলক্ষে সেদিন বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দলটির ‘কহে বীরাঙ্গনা’ নাটকের দুটি প্রদর্শনী হবে। দুই প্রদর্শনীর মধ্যবর্তী সময়ে হলের লবিতে নাটকের গান পরিবেশন করবেন শর্মিলা সিনহা। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কাব্যের চারটি সর্গ অবলম্বনে নির্মিত এ নাটক নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। চার নারী চরিত্রে একক অভিনয় করছেন জ্যোতি সিনহা।
মঞ্চে তার সঙ্গে নৃত্যমুদ্রায় সহশিল্পী হিসেবে থাকবেন স্বর্ণালী সিনহা, অহর্না শর্মা, মৌমিতা সিনহা ও অনামিকা চ্যাটার্জী।
সংগীত পরিচালনায় শর্মিলা সিনহা এবং বাদ্যে বিশাল সিংহ, বিধান সিংহ ও অঞ্জনা সিনহা দায়িত্ব সামলাবেন। আলোক প্রক্ষেপণে রয়েছেন মো. শাহজাহান।




