নড়াইলে চোরাই তামার তার উদ্ধার, আটক ২

রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা তারের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ সময় চারটি ধারালো রামদা ও তার কাটার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। আটক দুজন হলেন ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০)।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি ও ৩৩ কেভি তামার তার একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ করে।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে জেলা ডিবি পুলিশ। বিকেলে অভিযান শেষ হয়। একপর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিংসংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরনের তার চুরির আলামত পাওয়া যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে পদ্মা সেতু রেল প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের ৯০ কেজি তামার তার, ২৫ কেজি সাদা অ্যালুমিনিয়ামের তার, তামার তারের পোড়া কালো কাভারের অংশ, তার কাটার বিভিন্ন যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র দুরমুজ এবং প্রায় ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। বিদ্যুতের তার সংযোগ দেওয়ার কাজে ব্যবহৃত ১৩ কেজি ওজনের একটি লোহার পাতও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, চোরাই তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদের ধোপাদাহ মধ্যপাড়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা খাটের নিচ থেকে বড় আকারের চারটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, চোরাই তার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




