অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই

চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই। ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা।
ভুক্তভোগীর সহকর্মী এক শিক্ষক জানালেন, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার জন্য আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে। তবে চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে সামনে এগিয়ে যান।
একপর্যায়ে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানিয়েছেন, এ ঘটনায় অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।




