সিরাজদিখান
নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাম্প ট্রাকচাপায় নেকবর আলী সরকার (৭০) ও কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নেকবর উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। আহত ব্যক্তির নাম মো. হাসেম। কাইয়ুম ও হাসেমের বাড়ি গয়াতলা গ্রামে।
স্থানীয়দের বরাতে সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন নেকবর, কাইয়ুম ও হাসেম । এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী বালুভর্তি একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নেকবর। গুরুতর আহত হন দুইজন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুমের মৃত্যু হয়। হাসেম হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আলাউদ্দিন জানিয়েছেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




