ভালুকা
রাজনৈতিক কার্যালয়ে তালা, বিএনপি-যুবদল নেতার পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় একটি রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মাজহারুল ইসলাম।
তার দাবি, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে ভালুকা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে ভবনটি নতুন করে ভাড়া দেওয়ার আলোচনা চলার সময় তিনি সেখানে ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন বলে স্বীকার করেন।
লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্রয়সূত্রে বাসস্ট্যান্ড চত্বরের ভবনটির মালিক। তার ভাতিজা ও তৎকালীন পৌর যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল সেখানে যুবলীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন। ৫ আগস্টের পর ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন কার্যালয়টি দখল করে ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করছিলেন।
সংবাদ সম্মেলনে মাজহারুল ইসলাম দাবি করেন, গত জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান মামুন ও তার বাবা শহিদুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এ কারণে দলীয় হাইকমান্ডের সতর্কতার পরও অবস্থান পরিবর্তন না করায় বিএনপির কেন্দ্রীয় কমিটি তাদের দুজনকে বহিষ্কার করে। এরপর কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।
মাজহারুল ইসলাম আরও বলেন, ভবনটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ভাড়া না দিয়ে ব্যবসায়িক কাজে ভাড়া দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। বিষয়টি জানতে পেরে তিনি ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কারণ, ভবনের পাশে তার একটি স্বপ্ন সুপারশপ ও ক্যাফে রয়েছে।
থানায় দেওয়া অভিযোগের বিষয়ে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান মামুনের পক্ষ থেকে একটি অভিযোগের কথা শুনেছেন। তবে এ বিষয়ে পুলিশ তাকে এখন পর্যন্ত কিছু জানায়নি।
অন্যদিকে, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুনের দাবি, ভবনের মালিক রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ বছরের চুক্তিনামার মাধ্যমে ভাড়া নিয়ে সেখানে রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছেন তিনি।
তার অভিযোগ, সংসদ সদস্যের নির্দেশে মাজহারুল ইসলাম তার রাজনৈতিক কার্যালয়ে তালা দিয়েছেন।
ভবনটির মালিক রফিকুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ড চত্বরের ভবনটি আর রাজনৈতিক কার্যালয় হিসেবে ভাড়া দেওয়া হবে না বলে তিনি শহিদুল ইসলামকে জানিয়েছেন। কেউ ব্যবসায়িক কাজে ভাড়া নিতে চাইলে তাকে দেওয়া হবে।




