প্লাস্টিকের দাপটে কমেছে বাঁশের পণ্যের বিক্রি, বিপাকে নারীরা

বাঁশের সরু সরু শলাকা নিপুণ হাতে বুনে তৈরি করেন ডালা, কুলা, ঝুড়ি, চালুনি ও নানা গৃহস্থালি সামগ্রী। একসময় এসব পণ্যের চাহিদা ছিল গ্রাম থেকে শহর সবখানেই। সেই চাহিদাকে ঘিরেই গড়ে উঠেছিল অনেক নারীর জীবিকা। কিন্তু সময়ের সঙ্গে বাজার দখল করেছে প্লাস্টিকের পণ্য। কমেছে বাঁশের তৈরি সামগ্রীর কদর, কমেছে বিক্রি। এখন হাটবাজারে পণ্য সাজিয়ে বসে থাকলেও আগের মতো ক্রেতা মেলে না। এতে রাঙামাটির লংগদু উপজেলার বাঁশের তৈরি সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত নারীদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। যে পেশার আয় দিয়ে একসময় সংসার চলত, সেই আয়েই এখন দুবেলা খাবার জোগানো কঠিন হয়ে পড়েছে।
লংগদুর বিভিন্ন হাটবাজারে গেলে এখনো চোখে পড়ে বাঁশের তৈরি নানা সামগ্রী। বাজারের এক পাশে সারি করে সাজানো ডালা, কুলা, ঝুড়ি ও বাঁশের পাত্র। পণ্যের পসরা নিয়ে বসে আছেন কয়েকজন নারী। তাদের চোখেমুখে ক্লান্তি, অপেক্ষা একজন ক্রেতার। কিন্তু বিক্রি আগের মতো নেই। দিন শেষে সামান্য যা আয় হয়, তা দিয়ে সংসারের খরচ মেটানোই কঠিন।
গুলশাখালী এলাকার ৫৬ বছর বয়সী আমেনা স্বামীহারা। বাঁশের তৈরি সামগ্রী বিক্রিই তার সংসার চালানোর একমাত্র অবলম্বন। একসময় এ ব্যবসায় ভালো বেচাকেনা হলেও এখন আর তেমন ক্রেতা পাওয়া যায় না। আমেনা বলেন, ‘একসময় ভালো বেচাকেনা হতো। এখন তেমন বিক্রি নেই। কোনো রকমে পরিবার-পরিজন নিয়ে টিকে আছি।’
বগাচত্তর এলাকার ৪৮ বছর বয়সী জামেলা বেগম প্রায় ২৫ বছর ধরে এ পেশার সঙ্গে যুক্ত। বাঁশের তৈরি সামগ্রী বিক্রির আয় দিয়েই চলে তার সংসার, দিতে হয় কিস্তির টাকাও। দীর্ঘদিনের এ পেশায় অভ্যস্ত হয়ে পড়লেও বর্তমানে বিক্রি কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে জামেলাকে।
বৈরাগী বাজার এলাকার ৬৭ বছর বয়সী পারভীনের জীবনও বাঁশের তৈরি সামগ্রীর ক্ষুদ্র ব্যবসার ওপর নির্ভরশীল। পাঁচ সন্তানের সংসার চালাতে এই ব্যবসার সামান্য আয়ই তার ভরসা। বয়সের ভার আর জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও হাটে বসে পণ্য বিক্রি করেন তিনি। বিক্রি কমে যাওয়ায় সন্তানদের নিয়ে সংসার চালানো পারভীনের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।
অন্যদিকে গুলশাখালীর চৌমুহনী এলাকার সুফিয়া বেগমের কথায় ফুটে উঠেছে এই পেশার সঙ্গে জড়িয়ে থাকা নারীদের অসহায়ত্ব। স্বামীর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘স্বামী থাইক্কাও না থাকবার মতো। আমি এই কাম না জানলে জামাই পুলাহাইন লইয়া চলতে হারতাম না।’
স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি এসব সামগ্রী একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। ধান-চাল ঝাড়াই, শস্য শুকানো, পণ্য বহন ও সংরক্ষণসহ নানা কাজে ব্যবহার হতো এসব পণ্য। কিন্তু প্লাস্টিকের তৈরি ডালা, ঝুড়ি, চালুনি ও অন্যান্য সামগ্রী সহজলভ্য হওয়ায় ক্রেতারা এখন সেদিকে বেশি ঝুঁকছেন। ফলে হাতে তৈরি বাঁশের পণ্যের বাজার ক্রমেই সংকুচিত হচ্ছে।
এ ব্যবসার সঙ্গে জড়িত নারীদের অনেকেরই নেই বিকল্প আয়ের ব্যবস্থা। কেউ স্বামীহারা, কেউ আবার স্বামীর সহযোগিতা ছাড়াই সন্তান ও পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন। তাদের কাছে বাঁশের তৈরি সামগ্রী বিক্রি শুধু ব্যবসা নয়, আত্মনির্ভর হয়ে বেঁচে থাকার অবলম্বন।
একদিকে প্লাস্টিকের পণ্যের বিস্তার, অন্যদিকে বাজারে চাহিদার অভাব, দুইয়ের চাপে হারিয়ে যেতে বসেছে বাঁশের ঐতিহ্যবাহী কারুশিল্প। অথচ পরিবেশবান্ধব এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ঐতিহ্য, নারীর শ্রম ও গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
স্থানীয় কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং বাঁশের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





