মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না সার, খালি হাতে ফিরছেন কৃষকরা

ছবি: আগামীর সময়
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সার বিতরণ ব্যবস্থায় চরম অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। ডিলারের দোকানের সামনে মাঝরাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি সাধারণ কৃষকেরা। সার না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুব্ধ মনে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। স্থানীয় ডিলারদের বিরুদ্ধে কৃষকদের সরাসরি সার না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে কীটনাশক বিক্রেতাদের কাছে সার বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে প্রতিনিয়ত এভাবেই বিপাকে পড়ছেন প্রান্তিক কৃষকেরা। কোথাও সারাদিন, আবার কোথাও গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সার মিলছে না।
সর্বশেষ গত শনিবার রাতে উপজেলার গালিমপুর এলাকার ‘মেসার্স তুলসী ট্রেডার্স’-এর ডিলার পয়েন্টে সার সংগ্রহ করতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জন কৃষককে। তাদের মধ্যে ছিলেন মালিগাছা গ্রামের কৃষক মাহাবুর রহমান ও পাঁকা গ্রামের আব্দুল মতিন। রাত ১২টা পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডিলারের কাছ থেকে সার না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান তারা।
ভুক্তভোগী কৃষক মাহাবুব রহমান ও আব্দুল মতিনের অভিযোগ, কিছু অসাধু ডিলার সরকারি নিয়ম অমান্য করে সরাসরি কৃষকদের কাছে সার বিক্রি করছেন না। বরং সার না দেওয়ার বাহানায় তারা কৃত্রিম সংকট তৈরি করছেন। পরবর্তীতে রাতে গোপনে ওই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে স্থানীয় খুচরা কীটনাশক বিক্রেতাদের কাছে। আর ওই বিক্রেতারা কৃষকদের কাছে আরও বেশি দামে সার বিক্রি করছেন। এর ফলে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন প্রান্তিক ও সাধারণ কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলায় বিএডিসির সার ডিলার রয়েছেন ২২ জন। এতসংখ্যক ডিলার থাকা সত্ত্বেও সাধারণ কৃষকরা কেন প্রয়োজনের সময় সার পাচ্ছেন না—তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। এদিকে, উপজেলা কৃষি বিভাগের সারসংক্রান্ত নথি অনুযায়ী—ইউরিয়া ১৯৯.৮৫ মেট্রিক টন, টিএসপি ৬৯.৮৫ মেট্রিক টন, ডিএপি ৪৪.৮ মেট্রিক টন এবং এমওপি ১৩৬.৫ মেট্রিক টনসহ চার ধরনের সারের মোট মজুদের পরিমাণ ৪৫১ মেট্রিক টন। এত বিপুল পরিমাণ সার গুদামে মজুদ থাকার পরও মাঠে কেন এই তীব্র সংকট তৈরি হলো, তার কোনো সদুত্তর মেলাতে পারছেন না ভুক্তভোগী কৃষকরা।
এ বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ পুরোপুরি নাকচ করে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, "আমাদের গুদামে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, সারের কোনো ঘাটতি বা সংকট নেই। ডিলারদের নিয়মিত তদারকি করা হচ্ছে। তবে কিছু এলাকায় হঠাৎ ভিড় বাড়ায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কৃষকদের একটু ধৈর্য ধারণ করে নিয়মের মধ্যে থেকে সার নিতে হবে।"
সার কালোবাজারি ও উচ্চ মূল্যে বিক্রির অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম আগামীর সময়কে বলেন, "কৃষকদের হয়রানি ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে যেসব অসাধু ব্যবসায়ী এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"




