গাজীপুর
আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পিপিকে ছুরির আঘাত, মামলা

সংগৃহীত ছবি
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের ওপর ছুরির আঘাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবু তাহের নয়নের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ মনির হোসেন।
আদালতের মতো সর্বোচ্চ নিরাপদ ও বিচারিক পরিবেশে এমন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ২৮ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলাটি নথিভুক্ত হয়।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুন সকালে আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত পিপি মোহাম্মদ মনির হোসেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবু তাহের নয়নের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবু তাহের উত্তেজিত তাকে গালিগালাজ শুরু করেন। বিষয়টি আদালতের পাশের কক্ষে অবস্থানরত অন্যান্য আইন কর্মকর্তাদের জানানো হলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কাছে থাকা একটি ছুরি দিয়ে মনির হোসেনের মাথায় আঘাত করেন। মনির আত্মরক্ষার চেষ্টা করলে আঘাতটি তার ডান ভ্রুর ওপর লেগে জখম হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আহত মনির মেঝেতে পড়ে গেলে অভিযুক্ত তার বুকের ওপর বসে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
হামলার পর গুরুতর আহত মনির হোসেনকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানা পুলিশ জানায়, অভিযোগটি এফআইআর (মামলা) হিসেবে নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মামলার বিষয়ে জানতে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের নয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




