কেন্দুয়ায় ২১০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেন্দুয়ায়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৫ জুন) রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাজমুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসকা ইউনিয়নে কেন্দুয়া-কিশোরগঞ্জ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। অভিযানে রনি মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার পরিহিত স্যান্ডেলের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, বার্মিজ স্যান্ডেলের ভেতর থেকে মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ডান পায়ের স্যান্ডেল থেকে ১১০০ পিস এবং বাম পায়ের স্যান্ডেল থেকে ১০০০ পিস পাওয়া যায়। এছাড়া একটি রিয়েলমি স্মার্টফোন জব্দ করা হয়।
আটক রনি মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বর্ধনপাড়া গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। তিনি গৌরীপুর উপজেলার বাসিন্দা।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানান, ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রনি মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।





