অটোরিকশা ছিনতাইয়ে ৩ চালককে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিকসহ গ্রেপ্তার ৭

গ্রেপ্তার মানিক
অটোরিকশা ছিনতাই করতে তিন চালককে হত্যার অভিযোগে আবদুল ওয়াদুদ ওরফে মানিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, ২৫ বছর বয়সী মানিক একজন ‘সিরিয়াল কিলার’। অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে চালকদের নির্জন স্থানে নিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করত তার চক্র।
নিহত তিন চালকের মধ্যে নাঙ্গলকোটের মেহেদী ও আরমান হোসেন এবং লাকসামের শাহজাহান সাইমন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আতিয়াবাড়ী এলাকা থেকে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় মেহেদী (১৮) হিসেবে শনাক্ত হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে আবদুল ওয়াদুদ মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মেহেদীকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তদন্তের একপর্যায়ে মানিকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
অনুসন্ধানে পুলিশ জানতে পারে, ফোনটি গত ২৪ জুলাই নাঙ্গলকোট থেকে নিখোঁজ অটোরিকশাচালক আরমান হোসেনের। এরপর আরমান নিখোঁজের বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তার ছিনতাই হওয়া অটোরিকশার বডি উদ্ধার করা হয়। এ ঘটনায় জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, অটোরিকশাটি তারা মানিক ও সেলিমের কাছ থেকে পেয়েছিলেন। পরে আরমান নিখোঁজের মামলায় মানিক ও সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা জানান, আরমানকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে নাঙ্গলকোটের পাশের উপজেলা মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। গত ১২ সেপ্টেম্বর বিনয়ঘর এলাকা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ আরমানের কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে লাকসামে শাহজাহান সাইমন (১৭) নামের এক চালককে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর মানিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, মানিক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গণিপুর-নাথের পেটুয়া গ্রামের আমিনুল ইসলাম ওরফে দুলাল মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক তদন্তে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে মানিক ও তার সংঘবদ্ধ চক্রের তিন চালককে হত্যার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত।



