সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০১ জেলে আটক, জব্দ ৫ ট্রলিং বোট

ছবি: আগামীর সময়
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) সকাল সাতটার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে এ অভিযান চালানো হয়। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযানটি পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, অভিযানে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



