কুমিল্লা
রেস্তোরাঁকর্মীকে গরম তেল ছুড়ে দগ্ধ, মালিকপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার নাঙ্গলকোটে মালিকপক্ষ ও রেস্তোরাঁর কর্মচারীর মধ্যে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ভোলাইন বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আছেন আদ্রা গ্রামের রঙু মিয়ার ছেলে মনির (৩০) ও ভোলাইন গ্রামের মায়ের দোয়া হোটেলের কর্মচারী ফারুক (৩২)।
এসব তথ্য জানিয়েছেন নাঙ্গলকোট থানার ওসি শাহীনুর ইসলাম।
স্থানীয়রা জানান, ভোলাইন বাজারের মায়ের দোয়া হোটেলের কর্মচারী ফারুককে ১০ মিনিট কাজ বেশি করতে বলায় হোটেল মালিকপক্ষের শিবলুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ফারুকের দিকে গরম তেল ছুড়ে মারেন শিবলু। এতে তিনি দগ্ধ হন। খবর পেয়ে ভোলাইন গ্রামের লোকজন রেস্তোরাঁটিতে হামলা চালান। তারা আদ্রা গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করেন। পরে আদ্রা ও ভোলাইন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে করে চলে যান বাজারের ব্যবসায়ীরা।
ভোলাইন বাজারের পথচারী আবুল হাশেম জানিয়েছেন, বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। ভয়ে তিনি পাশের একটি গাছের নিচে লুকিয়ে ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে আদ্রা গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, ভোলাইন গ্রামের পারভেজ ও চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমের নেতৃত্বে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আদ্রা গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
ওসি শাহীনুর জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




