ফুলবাড়িয়া
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৩ কর্মীকে মারধর

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পল্লী বিদ্যুতের তিন লাইনম্যানকে অবরুদ্ধ করে মারধর করেছেন।
আজ শনিবার দুপুরে শিশুটির মৃত্যুর ঘটনায় তদন্তে ঘটনাস্থলে গেলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ফুলবাড়িয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নিশিত কুমার কর্মকারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
এদিন সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে বাড়ির পাশের একটি মক্তবঘরে বিদ্যুতের আর্থিং তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে মোসলেম উদ্দিন নামে আরেক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম গফরগাঁও উপজেলার রাজিব মোল্লার মেয়ে। সে রঘুনাথপুর গ্রামে নানার বাড়িতে থাকত। তার বাবা-মা ভালুকা উপজেলার নিঝুরী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবু নাইম নামে এক ইলেকট্রিশিয়ান পল্লী বিদ্যুতের কর্মী না হয়েও গ্রামে বিদ্যুতের কাজ করেন। পাশাপাশি তিনি বিদ্যুৎ অফিসে নতুন সংযোগের জন্য দালালি করেন। গত শনিবার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ফুলবাড়িয়া জোনাল অফিস থেকে মিটার নিয়ে তিনি মক্তবঘরে বিদ্যুৎ সংযোগ দেন বলে অভিযোগ করেছেন তারা।
শিশুটির মৃত্যুর ঘটনায় শনিবার দুপুরে ডিজিএম নিশিত কুমার কর্মকার তিন লাইনম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা লাইনম্যান আ. রহিম, আ. হালিম ও রিপনকে অবরুদ্ধ করে মারধর করেন।
নিশিত কুমার কর্মকার জানিয়েছেন, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছিল। ঘটনাস্থল পরিদর্শনে গেলে লাইনম্যানদের অবরুদ্ধ করে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




