সুন্দরবনে ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ

ছবি: আগামীর সময়
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের ফাঁদ পেতে রেখে খালে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলে জেলে ছদ্মবেশী ৬ শিকারী।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকায় টহলরত বনরক্ষীদের বিষয়টি নজরে পড়লে প্রথমে তাদের আটক করা হয় অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হরিণ শিকারের আসল রহস্য।
তাদের স্বীকারোক্তিমতে বনে তল্লাশি করে উদ্ধার করা হয় পেতে রাখা ২০০ ফুট নাইলনের রশির তৈরি হরিণ শিকারের ফাঁদ। এ ছাড়া জব্দ করা হয় দুটি নৌকা, ৪০ ফুট চরপাটা বা খালপাটা জাল ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি।
আটক শিকারীরা হলেন হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। এদের সবার বাড়ি জেলার মোংলা উপজেলার ছায়েরাবাদ গ্রামে। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে মোবাইল ফোনে এ তথ্য জানিয়েছেন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আাসাদুজ্জামান।
বন কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, তার নেতৃত্বে বনের হলদির খালে নিয়মিত টহল দিচ্ছিলেন বনরক্ষীরা। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তারা দেখতে পান, অভয়ারণ্য ঘোষিত হলদির খালে জেলেরা খালপাটা জাল পেতে মাছ ধররেছন। এ সময় ৬ জেলেকে আটক করার পরে জিজ্ঞসাবাদে হরিণ শিকারের কথা স্বীকার করেন তারা।
তিনি আরো জানান, আটক ব্যক্তিরা মূলত হরিণ শিকারী। মাছ ধরার আড়ালে হরিণ শিকার করা তাদের মূল পেশা। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শনিবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।



