শিক্ষকদের সমস্যা শুনলেন এমপি ফয়সল

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরের ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
সভায় প্রধান শিক্ষকেরা বিদ্যালয়ের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
মতবিনিময়সভায় প্রধান শিক্ষকেরা পদোন্নতি, শিক্ষক সংকট, বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার সমস্যা, শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের পরিবেশসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন। তাদের বক্তব্য শুনে সংসদ সদস্য এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তবে ১৪৯ জন প্রধান শিক্ষককে একসঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত রাখায় শ্রেণিকক্ষের পাঠদান কতটা স্বাভাবিক ছিল—এ নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন শিক্ষক।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, বিদ্যালয়ের দিনের প্রথম ক্লাসের রুটিনে সাধারণত প্রধান শিক্ষকের নাম থাকে। কিন্তু এদিন মতবিনিময় সভায় প্রধান শিক্ষকদের উপস্থিত থাকতে হওয়ায় তাদের নির্ধারিত ক্লাসগুলো সহকারী শিক্ষকদের নিতে হয়েছে। এতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে।
এ প্রসঙ্গে মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে তিন মাস অন্তর অন্তর সভা করার বিধান রয়েছে। এর ধারাবাহিকতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।




