প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুবির ১২ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী। চূড়ান্ত তালিকায় দেশের ৪৬৯ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ছয় শিক্ষার্থী হলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (৩.৭৫), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (৩.৯৫), চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাস্সুম ইমা (৩.৮১), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (৩.৫০) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (৩.৮৯)।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত পাঁচজন হলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল (৩.৯৪), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসেন (৩.৯৩), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা শিকদার (৩.৯৫), কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের টি এম রাফাত রহমান (৩.৫২) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (৩.৯৪)।
২০২১ শিক্ষাবর্ষে কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির (৩.৬৭) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।
গোবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, ৩ যুবককে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
০৭ অক্টোবর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের উল্লেখযোগ্য স্বীকৃতি। তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণায় অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন।
একইভাবে মনোনীত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।




