গোবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, ৩ যুবককে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে গোবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সোহাগ সেন, সম্পদ বিশ্বাস ও তাজিম শরীফ নামের তিন যুবক দুটি মোটরসাইকেলে করে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। ওই শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকলে তিন যুবকও ক্যাম্পাসে ঢুকে আবারও তাকে উত্ত্যক্ত করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে যুবকদেরকে আটক করে পিটুনি দেন। তাদের মোটরসাইকেলও ভাঙচুর করেন তারা।
তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সোহাগ নিজেকে দৈনিক আমাদের বাংলা ও ডেইলি প্রেসিডেন্ট টাইমসের জেলা প্রতিনিধি এবং চ্যানেল-এস-এর ক্যামেরাপার্সন হিসেবে পরিচয় দেন। এ ব্যাপারে একটি মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।




