বউ জুতা দিয়ে মারছে : এএসআই মান্নান

‘মাতলামি’ করা এএসআই মান্নান
নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক পুলিশ সদস্যের ‘মাতলামি’ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই পুলিশ সদস্যকে অস্বাভাবিকভাবে গান গাইতে এবং নাচতে দেখা যায়।
ঘটনাটি শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতের। এসব বিষয় নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
তিনি বললেন, ‘অস্বাভাবিক আচরণ করা ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি এ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের থেকে মানসিক ভারসাম্য হারিয়ে এএসআই মান্নান এমন ঘটনা ঘটিয়েছেন।’
এর আগে তিনি মাদকজাতীয় কিছু সেবন করেছিলেন কিনা সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ওসি আরও স্পষ্ট করলেন, ‘আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী সিলেটের গ্রামের বাড়িতে থাকেন। গতরাতে মোবাইলে তাদের ঝগড়া হয়। ওই ঝগড়ার পরই তিনি এমন ঘটনা ঘটান। পুলিশ সদস্যের এমন আচরণে তাকে ‘মাদকাসক্ত’ হিসেবে ধারণা করেছিলেন স্থানীয়রা।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আশেপাশের লোকজন তাকে ‘মাদক সেবন করেছেন কিনা’ জানতে চাইলে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বউয়ে মারছে, জুতা দিয়ে মারছে।’ এই কারণে তিনি এমন আচরণ করেছেন বলে ধারণা।
রকিবুজ্জামান আরও জানান, মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’





