বজ্রপাতে বাবার মৃত্যু, রক্ষা পেল কোলের শিশু

মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে সুমন মন্ডল। ছবি: আগামীর সশয়
ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন সুমন মণ্ডল। হঠাৎ শুরু হয় বজ্রসহ বৃষ্টি। নিরাপদ স্থানে যাওয়ার আগেই শিকার হন বজ্রপাতের। এতে ঘটনাস্থলেই মারা যান সুমন। আর তার সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়া আহত হয়েছে কোল থেকে ছিটকে পড়ে।
আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে।
মারা যাওয়া ৩৫ বছর বয়সী সুমন মণ্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সুমন। তার কোলে থাকা শিশুটি ছিটকে দূরে গিয়ে পড়ে। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, আহত সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে আশঙ্কামুক্ত।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



